প্রতিবেদক: তারফদার মামুন
কুষ্টিয়া মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির গৌরব অর্জন করলেন কমলগঞ্জের তামান্না রেজা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী মুসলিম সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না রেজা ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ লাভ করেছেন। একাধিকবার চেষ্টার পর অর্জিত এই সাফল্য শুধু ব্যক্তিগত কৃতিত্ব নয়—বরং অধ্যবসায়, ধৈর্য ও অদম্য মনোবলের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. রেজা উদ্দিন ও গৃহিণী রাহিলা বেগমের কন্যা তামান্না ছোটবেলা থেকেই মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছ
িলেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করেছেন ভবিষ্যতের জন্য। ২০২২ সালে তেতইগাঁও রশিদ উদ্দিন হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ এবং ২০২৪ সালে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০ অর্জনের মাধ্যমে তার ধারাবাহিক কৃতিত্বের স্বাক্ষর পাওয়া যায়। শিক্ষাজীবনে বিজ্ঞান ও কৃষি শিক্ষার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল লক্ষণীয়। বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অধ্যয়নরত ছিলেন। তবে মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণ করে তিনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন তার অদম্য মনোবল ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন। সাফল্যের অনুভূতি জানিয়ে তামান্না রেজা বলেন, “এই সাফল্যের পেছনে আমার বাবা-মা, শিক্ষক ও পরিবারের সকলের দোয়া ও সহযোগিতা রয়েছে। আমি ভবিষ্যতে একজন মানবিক ও দায়িত্বশীল চিকিৎসক হয়ে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।” পরিবারের সদস্যরা জানান, তামান্নার সাফল্যের পেছনে ছিল তার নিরলস পরিশ্রম, ধৈর্য এবং মহান আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস। তার এই কৃতিত্বে শিক্ষক, আত্মীয়স্বজন ও এলাকার শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

