মৌলভীবাজার প্রতিনিধি
শাসনের জেরে রক্তাক্ত পরিণতি: মৌলভীবাজারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
মৌলভীবাজার শহরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাতিজাকে শাসন করে চড় মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই রাগ থেকেই এ নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যার কিছু আগে শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর তামিম আহমদ (১৬) স্থানীয় ডাব বিক্রেতা শাহেদ আলীর আট সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ। আকস্মিক এ ঘটনায় পুরো পরিবার ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়
া। পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলায় তাকে শাসন করেন তার চাচা তামিম। শাসনের একপর্যায়ে তামিম তাকে একটি চড় মারেন। পরে বিষয়টি জানতে পেরে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি তামিমকে ডেকে নিয়ে তার জামার কলার চেপে ধরে গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের বড় বোন তানিয়া বেগম জানান, তামিমের সঙ্গে হানিফের প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। প্রায় ছয় মাস আগে হানিফ তাদের আরেক ভাইয়ের হাত কেটে দেয়, যার কারণে সে দীর্ঘদিন কারাগারে ছিল। তিনি বলেন, ঘটনার সময় তিনি স্বামীর বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান। তামিম পরিবারের সবার ছোট এবং বাবার ডাব বিক্রির কাজে নিয়মিত সাহায্য করত। ঘটনার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তামিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মরদেহের পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে অঝোরে কান্না করতে দেখা যায়। তাদের আহাজারিতে হাসপাতাল চত্বরে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

