শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে খামারে ঢুকে পড়ল বিশাল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানা গেছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগরটি ঢুকে পড়ে। সাপটির উপস্থিতি টের পেয়ে খামারে থাকা গরুগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে চেঁচামেচি ও ছুটাছুটি শুরু করে। গরুর এমন আচরণ দেখে
খামারের মালিক জসীম উদ্দিন এগিয়ে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। পরে গরুর নড়াচড়া ও চেঁচামেচিতে অজগরটি খামার থেকে বের হয়ে বাইরে চলে এলে সেখানে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সতর্কতার সঙ্গে অজগরটিকে কোনো ধরনের ক্ষতি না করে উদ্ধার করেন। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে লোকালয় ও বিভিন্ন স্থাপনায় প্রায়ই বন্যপ্রাণীর বিচরণ দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত হয়ে এগুলোকে হত্যা না করে দ্রুত বন বিভাগ কিংবা প্রশিক্ষিত বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া উচিত।

