স্টাফ রিপোর্টার
অস্থিতিশীলতার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ
দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান সড়কে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জ
ুল করিম ময়ূন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সমাবেশে ফয়জুল করিম ময়ূন বলেন, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে বিএনপি রাজপথে থেকে তা মোকাবিলা করবে। তিনি বলেন, বিএনপি রাজপথের দল এবং দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবে। আব্দুর রহিম রিপন বলেন, দেশের অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে কাজ করবে। তিনি দাবি করেন, বিগত ১৭ বছর বিএনপি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও রাজপথে ছিল এবং জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও মাঠে থাকবে। সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাস যাতে আবারও দেশে ফিরে না আসে, সে জন্য ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে থাকবে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ও কথিত ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এর মধ্যে ছিল—‘ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশ আর হবে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান। এসব স্লোগানে মিছিলটি প্রতিবাদমুখর হয়ে ওঠে। মিছিলে জেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি আহমদ, জেলা ছাত্রদলের সহসভাপতি মামুন পারভেজ, আবিদুর রহমান, জামাল আহমদ, জুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সোহাগ আহমেদ, আবদুল্লাহ আল মাহফুজ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক জাবের আহমেদ, জুনেদ আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মোজাহিদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, সদস্য সচিব সুলতান আহমদ টিপু, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেছার তালুকদার সামিসহ অনেকে। সমাবেশ থেকে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে যেকোনো ধরনের নৈরাজ্য বা ষড়যন্ত্রের প্রচেষ্টা মোকাবিলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে।

