প্রতিবেদক: কায়কোবাদ
চিরনিদ্রায় শায়িত নায়ক জাভেদ
বাংলা সিনেমার প্রবীণ নায়ক ইলিয়াস জাভেদ আর নেই। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে উত্তরার ১৪ নম্বর সেক্টরের বায়তুল জামান জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এদিন বাদ আসর এফডিসিতে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী-সহকর্মীসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা। এফডিসিতে নায়ক ইলিয়াস জাভেদকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর,
ড্যানি সিডাক , নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু , অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি , নৃত্য পরিচালক আজিজ রেজা , ইউসুফ খান সহ আরও অনেকে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর । দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পাশাপাশি হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। নায়ক ইলিয়াস জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস । ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তবে ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমার মাধ্যমে দর্শকমহলে জনপ্রিয়তা পান। ওই ছবিতে তার নায়িকা ছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা । অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ নৃত্য পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন। নৃত্য পরিচালনার মাধ্যমেই চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হলেও পরবর্তীতে নায়ক হিসেবে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ সহ আরও অনেক জনপ্রিয় ছবি। বাংলা চলচ্চিত্র অঙ্গনে তার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

