মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী-ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের আগনসি গ্রামে রুবিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামী, ভাসুর ও শাশুড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের অমানবিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ ২০২৬ তারিখে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, রুবিনা বেগমের স্বামী মিছবা চৌধুরী (৩৫), ভাসুর মিন্টু চৌধুরী হাবিব (৪০)—যিনি পেশায় একজন স্কুল শিক্ষক—এবং শাশুড়ি হাছফা চৌধুরী (৬০) দীর্ঘদিন
ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। পরিবারের দাবি, সেই নির্যাতনের ধারাবাহিকতার মধ্যেই রুবিনা বেগমের করুণ মৃত্যু হয়েছে। নিহতের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি তার বোনের মৃত্যুর জন্য স্বামী, ভাসুর ও শাশুড়িকে দায়ী করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজনের কাউকেই এলাকায় দেখা যাচ্ছে না। এমনকি রুবিনা বেগমের মৃত্যুর পর হাসপাতালে মরদেহ দেখতে পর্যন্ত তারা কেউ উপস্থিত হননি বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। এ বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, একজন গৃহবধূর এ ধরনের মৃত্যু কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এলাকাবাসীর প্রত্যাশা—ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হোক, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর কোনো পরিবারকে না ভোগ করতে হয়।

