প্রতিবেদক: তারফদার মামুন
মানুষের ঢলে মুখর মৌলভীবাজার: আব্দুল মান্নানের শেষ নির্বাচনী মিছিল ঘিরে শহরজুড়ে উত্তাপ
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার–৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নানের পক্ষে শেষ নির্বাচনী প্রচারণায় মানুষের ঢল নামে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরে ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ সমর্থকের অংশগ্রহণে এই শেষ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল মান্নান। জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় আয়োজিত সমাবেশে তিনি নির্বাচিত হলে অ
বহেলিত মৌলভীবাজারের উন্নয়ন ও সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সমাবেশে প্রার্থীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা লুৎফুর রহমান কামালী, এনসিপি নেতা খালেদ আহমদ ও এহসান জাকারিয়া, বিডিপি নেতা আব্দুল মজিদসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তারা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আব্দুল মান্নানকে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশ শেষে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশাল মিছিল বের হয়। নেতাকর্মীদের স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিলে অংশগ্রহণকারীরা ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে শেষ মুহূর্তের জনসমর্থন আদায়ে প্রচারণা চালান। শেষ পর্যন্ত ১১ দলীয় জোটের এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেওয়ান মঞ্জিলে অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

