মৌলভীবাজার প্রতিনিধি
ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্বে মনোয়ার আহমেদ রহমান
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনোয়ার আহমেদ রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মনোনীত হওয়ায় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা প্রকাশ করছেন। দীর্ঘদিন ধরে রাজনীতি, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকা মনোয়ার আহমেদ রহমানকে স্থানীয়ভাবে একজন কর্মীবান্ধব, সাহসী ও মানবিক নেত
ৃত্ব হিসেবে দেখা হয়। রাজনৈতিক প্রতিকূলতা কিংবা নানা চাপ-প্রতিকূলতার সময়েও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। দলীয় আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখেও তাকে পাশে পাওয়া গেছে বারবার। বিশেষ করে তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন সময় স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন, ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা এবং খেলোয়াড়দের উৎসাহ-অনুপ্রেরণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ক্রীড়া সংগঠক ও সচেতন মহলের মতে, মনোয়ার আহমেদ রহমানের মতো মাঠপর্যায়ের অভিজ্ঞ সংগঠক বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যুক্ত হওয়ায় তৃণমূল ক্রিকেট আরও এগিয়ে যাবে। বিশেষ করে মৌলভীবাজার জেলার ক্রিকেটার ও ক্রীড়াবান্ধব তরুণদের জন্য এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও আশাবাদ ব্যক্ত করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখছেন, “যোগ্য মানুষকে যোগ্য স্থানে মূল্যায়ন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ।” কেউ কেউ আবার এটিকে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেছেন। রাজনীতি ও ক্রীড়াঙ্গনের সমন্বয়ে দীর্ঘ পথচলায় মনোয়ার আহমেদ রহমান ইতোমধ্যে নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। মাঠের রাজনীতি থেকে শুরু করে মানবিক কর্মকাণ্ড—সবখানেই তার সক্রিয় উপস্থিতি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছে। ফলে বিসিবির কাউন্সিলর হিসেবে তার নতুন দায়িত্বকে ঘিরে স্থানীয় অঙ্গনে প্রত্যাশাও তৈরি হয়েছে অনেক। সচেতন মহলের অভিমত, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর শক্তি। আর সেই জায়গা থেকে মনোয়ার আহমেদ রহমানের মতো অভিজ্ঞ সংগঠকের সম্পৃক্ততা দেশের ক্রিকেট ও তৃণমূল ক্রীড়া বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সবার।

