মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারসহ ৩০ জেলায় হচ্ছে সরকারি মেডিকেল কলেজ
মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। জেঁলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। মৌলভীবাজারসহ দেশের অবহেলিত ৩০টি জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব এম নাসের রহমানের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে জেলাটিতে মেডিকেল
কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ কার্যক্রম পরিচালনা করছে। তবে অবশিষ্ট ৩০টি জেলায় এখনো কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে এই ৩০টি জেলাতেই পর্যায়ক্রমে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। তালিকায় থাকা জেলাসমূহ: মৌলভীবাজার ছাড়াও তালিকায় রয়েছে— নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর। সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সরকারি মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও মৌলভীবাজার এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। অভিযোগ রয়েছে, বিগত ১৭ বছরে এই জেলায় উল্লেখ করার মতো কোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়নি। ফলে উন্নত চিকিৎসার জন্য জেলাবাসীকে এখনো সিলেট বা ঢাকার ওপর নির্ভর করতে হয়। সম্প্রতি জাতীয় সংসদে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জনাব এম নাসের রহমান জেলার স্বাস্থ্য ও যোগাযোগ খাতের অবহেলা নিয়ে সরব হন। তিনি মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং দীর্ঘকাল ধরে বন্ধ থাকা শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালুর জন্য সরকারের কাছে জোরালো দাবি জানান। তাঁর এই দাবির প্রেক্ষিতেই স্বাস্থ্য মন্ত্রণালয় মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের প্রাথমিক কাজ হিসেবে সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয় এম নাসের রহমান সাহেবকে

