মৌলভীবাজার প্রতিনিধি :
সাংবাদিকতার হাতেখড়ি পেলেন মৌলভীবাজারের অর্ধশতাধিক তরুণ-তরুণী
সাংবাদিকতা শুধু সংবাদ লেখা নয়; সত্য অনুসন্ধান, তথ্য যাচাই, মানুষের কথা তুলে ধরা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার নাম সাংবাদিকতা। এই বোধকে সামনে রেখে সাংবাদিকতায় আগ্রহী মৌলভীবাজারের বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক তরুণ-তরুণীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংবাদিকতার হাতেখড়ি কর্মশালা-২০২৬। নতুনদের সাংবাদিকতার মৌলিক ধারণার পাশাপাশি মাঠপর্যায়ে কাজের কৌশল, তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, ভিডিও ও প্যাকেজ নিউজ, কলাম ও ফিচার লেখাসহ সংবাদ তৈরির নানা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয় এ কর্মশালায়। শনিব
ার (৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম মৌলভীবাজার টিভি এ কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনায় সাংবাদিকতায় প্রবেশ করতে আগ্রহী তরুণ-তরুণীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মৌলভীবাজার টিভির স্টাফ রিপোর্টার রকিবুল ইসলাম রকি-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সবুজ সূত্রধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রাইজিং বিডি ও দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক সংবাদ সারাবেলার মৌলভীবাজার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম ও ওয়াহিদ রুলু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ এবং দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি রিপন মিয়া। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি তুহিন জুবায়ের, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাপ্তাহিক মৌলভীবাজার সমাচারের সম্পাদক ও প্রকাশক এবং কবি-সাহিত্যিক আবদাল মাহবুব কোরেশী এবং দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ। কর্মশালায় বক্তারা বলেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় শক্তি হলো নির্ভুল তথ্য ও বিশ্বাসযোগ্যতা। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং কোনো তথ্যকে একপেশেভাবে উপস্থাপন না করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ার এই সময়ে যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করলে তা ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। প্রশিক্ষণে সাংবাদিকতার প্রাথমিক ধারণার পাশাপাশি সংবাদ সংগ্রহের কৌশল, বিষয় নির্বাচন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ, অনুসন্ধানের প্রাথমিক পদ্ধতি এবং সংবাদকে পাঠক-দর্শকের কাছে সহজ ও গ্রহণযোগ্যভাবে উপস্থাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় ভিডিও সাংবাদিকতা, প্যাকেজ নিউজ এবং মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা আরও বলেন, সাংবাদিকতায় শুধু লেখার দক্ষতা থাকলেই হয় না; একজন সাংবাদিককে হতে হয় অনুসন্ধিৎসু, দায়িত্বশীল ও নিরপেক্ষ। নতুনদের নিয়মিত পড়াশোনা, মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন এবং অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে শেখার মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে। আয়োজকরা জানান, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকতায় আগ্রহী তরুণ-তরুণীদের জন্য একটি কার্যকর শেখার প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের সঙ্গে তরুণদের যোগাযোগ তৈরি এবং সাংবাদিকতা পেশায় প্রবেশের আগে প্রয়োজনীয় বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেও কর্মশালাটি আয়োজন করা হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের কাছে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করেন এবং নিজেদের আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শ নেন। এতে নতুনদের মধ্যে সাংবাদিকতা নিয়ে আগ্রহ ও পেশাগত সচেতনতা আরও বাড়ে বলে জানান আয়োজকরা। বর্তমান সময়ে তথ্যের বিস্তার যেমন দ্রুত হয়েছে, তেমনি বেড়েছে ভুল তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের ঝুঁকিও। এমন বাস্তবতায় দায়িত্বশীল, তথ্যনির্ভর ও দক্ষ সাংবাদিক তৈরিতে তরুণদের প্রশিক্ষণের গুরুত্ব রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সাংবাদিকতার শুরুতেই সঠিক নীতি, পেশাগত শৃঙ্খলা ও তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে উঠলে ভবিষ্যতে গণমাধ্যম আরও দক্ষ ও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে। দিনব্যাপী প্রশিক্ষণ ও আলোচনা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সাংবাদিকতার হাতেখড়ি কর্মশালা-২০২৬।

