মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জনসমুদ্র, মাঠজুড়ে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঢল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে বুধবার (১৭ জুন) সকাল থেকেই ভিড় জমিয়েছেন হাজারো চা শ্রমিক, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। দুপুর ১টায় সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কা
র্ড বিতরণের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য ও রোগীদের মধ্যে সহায়তার চেক প্রদান করা হবে। অনুষ্ঠানে যোগ দিতে তিনি সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই দলে দলে মানুষ সমাবেশস্থলে আসতে শুরু করেন। চা শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যরা নিজস্ব ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাকে অনুষ্ঠানে অংশ নেন। মাঠের একটি অংশে উপকারভোগীদের জন্য পৃথক বসার ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন চা শ্রমিক জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলার বিভিন্ন চা বাগানে ছুটি ঘোষণা করা হয়েছে। বাগানের পরিবহনে করেই তারা অনুষ্ঠানে এসেছেন। তাদের ভাষ্য, প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার আগ্রহেই তারা মাঠে উপস্থিত হয়েছেন। চা শ্রমিক পূর্ণিমা রেলি ও জাদব বলেন, চা অঞ্চলে প্রধানমন্ত্রীর আগমন তাদের জন্য আনন্দের বিষয়। একই সঙ্গে তারা চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানান। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট ও মৌলভীবাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে সড়কের পাশে অবস্থান নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

