নিউজ ডেক্স
পুলিশে বড় রদবদল: ১২ জেলায় নতুন এসপি, বদলি ৩৯ কর্মকর্তা
পুলিশে বড় রদবদল: ১২ জেলায় নতুন এসপি, বদলি ৩৯ কর্মকর্তা বাংলাদেশ পুলিশে ব্যাপক প্রশাসনিক রদবদল আনা হয়েছে। ১২ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ মোট ৩৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিভিন্ন জেলার দায়িত্বে থাকা এসপিদের পাশাপাশি মহানগর, রেঞ্জ ও বিশেষায়িত ইউনিটগুলোতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পঞ্চগড়, বান্দরবান, জয়পুরহাট, পাবনা, নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁ
দপুর, ঝালকাঠি, মৌলভীবাজার, চট্টগ্রাম ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। রদবদলের অংশ হিসেবে পঞ্চগড়ের এসপি রবিউল ইসলামকে নৌ পুলিশে, আর ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২ এর এসপি মিজানুর রহমানকে পঞ্চগড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বান্দরবানের এসপি আবদুর রহমানকে আরএমপির উপপুলিশ কমিশনার এবং এসবির এসপি ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপিতে, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে এবং পাবনার এসপি আনোয়ার জাহিদকে এসবিতে বদলি করা হয়েছে। একইসঙ্গে এসবির ছুফি উল্লাহকে পাবনার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপিতে এবং শিল্পাঞ্চলের এসপি ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে পদায়ন করা হয়েছে। নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে, তার স্থলে ডিএমপির মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের এসপি করা হয়েছে। অন্যদিকে সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েলকে এপিবিএনে এবং রাজশাহীর সারদা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায় দায়িত্ব দেওয়া হয়েছে। চাঁদপুরের এসপি রবিউল হাসানকে ডিএমপিতে, ঝালকাঠির এসপি মিজানুর রহমানকে চাঁদপুরে এবং সিআইডির প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে এবং আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে নতুন এসপি হিসেবে সেখানে পদায়ন করা হয়েছে। চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে, ডিএমপির মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি এবং ফেনীর এসপি শফিকুল ইসলামকে পুলিশ সদরদফতরের এআইজি করা হয়েছে। সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই রদবদলের মাধ্যমে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে সরকার।

