বান্দরবান প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১, সিএনজি জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবাসহ মনির আহম্মেদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের ১ নম্বর জিপি গেটের সামনে তল্লাশিকালে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক মনির আহম্মেদ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা গ্রামের বাসিন্দা। তিনি ইব্রাহিম খলিলের ছেলে। ১১ বিজিবির প্রে
স বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে সবুজ রঙের ২০০ পিস এবং হলুদ রঙের ১৯ হাজার ৭৫০ পিসসহ মোট ১৯ হাজার ৯৫০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা ইয়াবার সিজার মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। জব্দ করা সিএনজি অটোরিকশার মূল্য ৪ লাখ টাকা। সে হিসাবে ইয়াবা ও যানবাহনসহ মোট জব্দমূল্য দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৫ হাজার টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা সিএনজির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

