স্টাফ রিপোর্টার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা, পৌর ও উপজেলা বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিকেলে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। পর
ে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সদস্যসচিব আব্দুর রহিম রিপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এম. নাসের রহমান। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মিজানুর রহমান মিজান, মো. ফখরুল ইসলাম, বকশী মিজবাউর রহমান ও হেলু মিয়াসহ দলীয় নেতারা বক্তব্য দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ারা আহমেদ রহমান। বক্তারা বলেন, দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং স্থিতিশীল পরিবেশ রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

