স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার গণপূর্তে মাহমুদুল হাসানের ‘কমিশন সাম্রাজ্য’! ৭ কোটি টাকার সংস্কারকাজে ২০ শতাংশ পর্যন্ত কমিশনের অভিযোগ
মৌলভীবাজার গণপূর্তে অনিয়মের অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঠিকাদারি সিন্ডিকেট ও কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ ৭ কোটি টাকার সংস্কারকাজে কমিশনের বোঝা, প্রশ্নবিদ্ধ নির্মাণমান বড় কাজের ঠিকাদারি নিজের নিয়ন্ত্রণে রাখার অভিযোগ পিসি ও টেবিল খরচের নামে বিভিন্ন পর্যায়ে দিতে হয় ২০ শতাংশ পর্যন্ত কমিশন ভ্যাট-ট্যাক্সের পাশাপাশি ঘুষের চাপ, ব্যাহত হচ্ছে কাজের গুণগত মান টেন্ডার, বিল ও জামানত আটকে রাখার অভিযোগে ক্ষুব্ধ ঠিকাদারর সরকারি উন্নয়নকাজের টেন্ডার যেখানে হওয়ার কথা স্বচ্ছ
প্রতিযোগিতা, সেখানে ঠিকাদারি নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য ও প্রভাব বিস্তারের অভিযোগে প্রশ্নবিদ্ধ মৌলভীবাজার গণপূর্ত বিভাগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বিভাগটির নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান। বড় বড় সরকারি কাজের টেন্ডারে নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, অন্য ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন পর্যায়ে কমিশন আদায় এবং ঢাকার প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে নিজেই কাজ বাস্তবায়নের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঠিকাদারদের দাবি, টেন্ডার থেকে বিল উত্তোলন, এমনকি জামানত ফেরত পাওয়া পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দিতে হয় অর্থ। পিসি (পার্সোনাল কমিশন) ও টেবিল খরচের নামে আদায় করা হয় কাজের প্রায় ২০ শতাংশ পর্যন্ত। ফলে সরকারি বরাদ্দের বড় একটি অংশ ব্যয় হচ্ছে কমিশন ও অনিয়মের পেছনে; আর প্রশ্নের মুখে পড়ছে উন্নয়নকাজের গুণগত মান। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর তৈরি করা এই অনুসন্ধানী প্রতিবেদনটি দীর্ঘদিন পর আজ সামনে এসেছে। তৎকালীন সময়ে প্রতিবেদনটি কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। অথচ তখনই সংশ্লিষ্ট ঠিকাদার ও বিভিন্ন সূত্র থেকে উঠে এসেছিল একের পর এক গুরুতর অভিযোগ। মৌলভীবাজার জেলা মডেল মসজিদের টেন্ডার প্রক্রিয়াসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এই নির্বাহী প্রকৌশলী। পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের আমলেও একই দায়িত্বে তাঁর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি মৌলভীবাজার গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন মাহমুদুল হাসান। যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম এবং পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠতে থাকে। অভিযোগ রয়েছে, নিজের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাশাপাশি অন্য কেউ কাজ পেলেও তাঁর কাছ থেকে আদায় করা হতো বড় অঙ্কের কমিশন। টেন্ডার অনুমোদনের আগে পিসি, বিল পাসের আগে পার্সেন্টিজ এবং জামানত উত্তোলনের ক্ষেত্রেও কমিশন দিতে হতো বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। আরও গুরুতর অভিযোগ, যোগদানের পর নির্বাহী প্রকৌশলী নিজের নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট গড়ে তোলেন। সরকারি প্রকল্পের বড় কাজগুলোতে ঢাকার বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ব্যবহার করে টেন্ডারে অংশ নেওয়া এবং পরে নিজের নিয়ন্ত্রণে কাজ বাস্তবায়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এতে স্থানীয় ঠিকাদারদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়। সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার জেলার বাইরের মেসার্স করিম অ্যান্ড কোং, ঢাকা; কুটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেশন, মিরপুর; ইএম কনস্ট্রাকশন, পরিবাগ; বাবর অ্যাসোসিয়েট, ঢাকা; এসএ এন্টারপ্রাইজ, ঢাকা এবং মৌসুমি এন্টারপ্রাইজ, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানের নামে কাজ নেওয়া হলেও বাস্তবে নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান নিজেই কাজগুলো নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করেন। কোনো কোনো ক্ষেত্রে তাঁর মনোনীত ব্যক্তিদের দিয়ে কাজ করানো হয়। এ বিষয়ে কয়েকটি কল রেকর্ডও কালবেলার হাতে এসেছে বলে তৎকালীন প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে জেলার বাইরের ঠিকাদারদের নিজেদের লাইসেন্স ব্যবহার করে প্রকৌশলীর কাজ পরিচালনার কথা বলতে শোনা গেছে বলে দাবি করা হয়। তৎকালীন সময়ে মবশ্বির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মবশ্বির আহমেদ বলেন, ঢাকার লাইসেন্স এনে নির্বাহী প্রকৌশলী নিজেই কাজ বাস্তবায়ন করেন। ক্ষেত্রবিশেষে তাঁর মনোনীত ঢাকার কোনো ঠিকাদারকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। তাঁর কথা অনুযায়ী স্থানীয় ঠিকাদাররা টাকা-পয়সা না দিলে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও কাজের বরাদ্দ ফেরত দেওয়ার নজির রয়েছে। অতীতে কোনো নির্বাহী প্রকৌশলীর এমন আচরণ দেখা যায়নি। মুজিব কনস্ট্রাকশনের মুজিবুর রহমান বলেন, একটি কাজ পেলে ভ্যাট-ট্যাক্স পরিশোধেই অনেক টাকা ব্যয় হয়। এর মধ্যে যদি বড় অঙ্কের পিসি দিতে হয়, তাহলে কাজ সম্পন্ন করা সম্ভব কীভাবে? মৌলভীবাজারে বর্তমানে যা হচ্ছে, অতীতে এমন পরিস্থিতি ছিল না। দফায় দফায় কমিশন দিতে দিতে ঠিকাদাররা নিঃস্ব হয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদারের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন; বাকি সময় ঢাকায় অবস্থান করেন। তাঁদের দাবি, কাজ পাওয়ার আগে নির্ধারিত পার্সেন্টিজ অনুযায়ী টাকা দিতে হয়। কাজ শেষ হওয়ার পরও বিলের চেক পেতে চরম ভোগান্তিতে পড়তে হয়। তাঁর চাহিদা অনুযায়ী টাকা দিতে পারলেই বিল ছাড় পাওয়া যায় বলে অভিযোগ তাঁদের। এভাবে কাজের ব্যয় বেড়ে যাওয়ায় নির্মাণমান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, ভ্যাট-ট্যাক্সের পাশাপাশি কমিশন দিতে গিয়ে প্রকল্পের প্রকৃত কাজের জন্য বরাদ্দ অর্থ কমে যায়। ঠিকাদারদের আরও অভিযোগ, কোনো কাজ লটারির মাধ্যমে পাওয়ার পর তাঁরা বাস্তবায়নের প্রস্তুতি নিলে জানানো হয়, কাজটি এডজাস্টমেন্টের জন্য রাখা হয়েছে। এভাবে অনেক ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরও কাজ করতে দেওয়া হয় না। আবার কাজ শেষ হওয়ার পরও অনেকের বিল নির্বাহী প্রকৌশলীর টেবিলে আটকে থাকে। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। গণপূর্ত বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে এই অফিসে কাজ করছেন তিনি। তাঁর অভিজ্ঞতায় এমন দুর্নীতিগ্রস্ত প্রকৌশলী আগে দেখেননি। তাঁর অভিযোগ, নিয়মিত অফিস না করলেও টাকা নেওয়ার প্রয়োজন হলে তাঁকে অফিসে পাওয়া যায়। গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট সময়ে মৌলভীবাজার গণপূর্ত বিভাগের অধীনে রাজনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, শেরপুর হাইওয়ে আউটপোস্ট, বড়লেখা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জুড়ী থানা ভবন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা কার্যালয়, জেলা শিল্পকলা একাডেমি, মণিপুরী ললিতকলা একাডেমি, জুড়ী ফায়ার সার্ভিস, জুড়ী ভূমি অফিস, কমলগঞ্জ ভূমি অফিস, মৌলভীবাজার জেলা মডেল মসজিদ এবং বিভিন্ন বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এসব প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় শত কোটি টাকা। পাশাপাশি বিভিন্ন সরকারি ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা সংস্কারে ব্যয় হয়েছে ৭ কোটি ৯ লাখ টাকার বেশি। অভিযোগ রয়েছে, এসব সংস্কারকাজের অনেকগুলোই নির্বাহী প্রকৌশলী নিজেই ঠিকাদারি নিয়ন্ত্রণের মাধ্যমে বাস্তবায়ন করেন। নামমাত্র কয়েকজন নির্দিষ্ট ঠিকাদারকে দিয়ে কাজ করানো হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সরকারি প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দ থাকার পরও যদি কমিশন বাণিজ্য, ঠিকাদারি নিয়ন্ত্রণ ও অনিয়মের অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে তার সরাসরি প্রভাব পড়ার কথা নির্মাণকাজের স্থায়িত্ব ও জনস্বার্থে। বিশেষ করে জেলা মডেল মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও জনকল্যাণমূলক স্থাপনার নির্মাণ ও সংস্কারকাজ নিয়ে ওঠা প্রশ্নগুলো যথাযথ তদন্তের দাবি রাখে। এ বিষয়ে তৎকালীন নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অফিসের টিএন্ডটি নম্বরে যোগাযোগ করা হলে তাঁর পিএ ফোন রিসিভ করেন। পরে উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ফোন করে জানান, স্যার জুম মিটিংয়ে আছেন, এখন কথা বলতে পারবেন না। তৎকালীন গণপূর্তের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী কালবেলাকে বলেন, আমি এ বিষয়ে খোঁজ নেব। একজন জুনিয়র অফিসার হিসেবে তাঁকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। আমি আগে এসব অভিযোগ শুনিনি। অভিযোগগুলো কতটুকু সত্য, বিষয়টি আমি দেখব। প্রশ্ন এখন একটাই সরকারি উন্নয়নকাজের দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের বিরুদ্ধেই যদি ঠিকাদারি নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে সরকারি অর্থের সুরক্ষা এবং কাজের মান নিশ্চিত করবে কে? মৌলভীবাজার গণপূর্ত বিভাগের এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য জনসমক্ষে আনা জরুরি।

