হাবিবুল্লাহ খান টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
টুঙ্গিপাড়ায় স্বাভাবিক জনজীবন, রাজপথে আওয়ামী লীগের বিক্ষোভ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যানবাহন চলাচল, দোকানপাট ও সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলাটিতে বিরাজ করছে এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল এবং ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকতে দেখা গেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড মাল্টিপারপাস মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটগাতী বাসস্ট্যা
ন্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা বক্তব্য দেন। গত ২২ নভেম্বরও উপজেলার বিভিন্ন স্থানে দলটির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব কর্মসূচিতে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, গত ১৭ নভেম্বর থেকে টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে গোপালগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৫ প্লাটুন বিজিবি, ১৫ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকার তথ্য পাওয়া গেছে। তবে টুঙ্গিপাড়া উপজেলায় এসব বাহিনীর সদস্যদের দৃশ্যমান উপস্থিতি এখনো চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রের দাবি। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘোষিত কর্মসূচির মধ্যে ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল, ২৭ ও ২৮ নভেম্বর মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন কর্মসূচির কথা বলা হয়েছে। এসব কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক টুঙ্গিপাড়া আওয়ামী লীগের এক নেতা অভিযোগ করে বলেন, গত ছয় মাসে থানায় দায়ের করা বিভিন্ন মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন বলে তাঁর দাবি। তাঁর ভাষ্য, অপরাধের সঙ্গে জড়িত নন—এমন মানুষ কেন মামলায় জড়িয়ে জেল খাটবেন, তা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। ওই নেতা আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে। এ দাবিতে রাজপথে থাকার কথা জানিয়েছেন তিনি। এদিকে সাধারণ মানুষের জীবনযাত্রা ও আয়ের ওপর রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবের কথাও উঠে এসেছে স্থানীয়দের বক্তব্যে। মোসলেম উদ্দিন নামে এক ভ্যানচালক বলেন, আগে ভ্যান চালিয়ে প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত আয় করতে পারতেন। এতে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালানো সম্ভব হতো। কিন্তু বর্তমানে সারাদিন পরিশ্রম করেও ৫০০ টাকা আয় করা কঠিন হয়ে পড়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “না খেয়ে থাকার চেয়ে আন্দোলন করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।” সব মিলিয়ে ২৩ নভেম্বর দুপুর পর্যন্ত টুঙ্গিপাড়ায় দৈনন্দিন কর্মকাণ্ড স্বাভাবিক থাকলেও রাজনৈতিক কর্মসূচি, থানার কার্যক্রম বন্ধ থাকার অভিযোগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন এলাকাবাসী।

