আক্তার হোসেন এম আব্দুল করিম সিলেট প্রতিনিধি প্রতিনিধি
রাজস্ব ফাঁকি দিয়ে আওয়ামী ক্যাডার হকির নেতৃত্বে চেঙ্গের খাল নদীতে হরিলোট প্রায় অর্ধকোটি টাকার
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন জালালাবাদ ও মোগলগাঁও ইউনিয়নের সীমানাবর্তী চেঙ্গেরখাল নদী এখন যেন আইন ও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। নদীর ধুমখাল মেইন ডর থেকে পাগলা ডর পর্যন্ত পুরো জলসীমায় জাল ও বাঁধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবাধে চলছে মাছ শিকার। কোনো প্রকার সরকারি ইজারা বা রাজস্ব না দিয়েই এই নদী থেকে লক্ষ লক্ষ টাকার মৎস্য সম্পদ লুটেপুটে খাচ্ছে একটি প্রভাবশালী চক্র। নদীর এপাড় থেকে ওপাড় পর্যন্ত বাঁধ দিয়ে মাঝপথে কেবল নৌকা চলাচলের সামান্য পথ খোলা রাখা হয়েছে। অভিযোগ রয়েছে,
এই নৌপথ ব্যবহারকারী বৈধ-অবৈধ নৌযান থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হচ্ছে এবং একইসঙ্গে সরকারি রাজস্বের চরম হরিলুট চলছে। সরেজমিন অনুসন্ধানে গিয়ে সাংবাদিক দল নদীজুড়ে বাঁধ নির্মাণ ও অবাধে মাছ লুটের সত্যতা পেয়েছে। অনুসন্ধান চলাকালে সেখানে জালালাবাদ ইউনিয়নের কালারুকা গ্রামের সামসুল ইসলাম এবং খাসরগাঁও গ্রামের আজির আলীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা সাংবাদিকদের কাছ স্বীকার করেন যে আমরা এখানের বেতন ভূক্ত কর্মচারী, আমরা এসবের কিছুই জানি না সব জানেন আমাদের নুরুল মুত্তাকিন হকি, তবে কোনো ইজারা ছাড়া এবং সরকারকে কোনো টাকা না দিয়েই নদীতে মাছ শিকার হচ্ছে। এই বেআইনি কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে কালারুকা গ্রামের বাসিন্দা এবং মাছ শিকারের প্রধান নেতৃত্বদানকারীদের মধ্যে একজন নূরুল মোত্তাকিন হকি মুঠোফোনে দাবি করেন, সরকারি ইজারার কোনো প্রয়োজন নেই। আইন ও রাষ্ট্রীয় রাজস্ব ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তার এমন বক্তব্য স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এদিকে, সরকারি সম্পদ লুটের এই চিত্রে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলা প্রশাসন থেকে এ নদীর কোনো ইজারা দেওয়া হয়নি এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) স্পষ্ট করেছেন যে, জেলা প্রশাসন থেকেও কোনো ইজারা দেওয়া হয়নি। প্রশাসন ইজারার কথা অস্বীকার করলেও সচেতন মহলের প্রশ্ন—তবে কার ছত্রচ্ছায়ায় দিনের পর দিন কোটি টাকার সরকারি রাজস্ব লুট হচ্ছে? অনুসন্ধানে উঠে এসেছে, স্থানীয় কিছু প্রভাবশালী নেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থীরা এই অবৈধ তৎপরতায় নেপথ্যে ছায়া দিচ্ছেন। ভোটের রাজনীতি ও প্রভাব বিস্তারের সমীকরণে রাষ্ট্রীয় রাজস্ব জলাঞ্জলি দিয়ে নদী দখল ও মাছ লুটের এই মহোৎসব দ্রুত বন্ধ না হলে নদীর স্বাভাবিক প্রবাহ ও সরকারি কোষাগার—উভয়ই মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। (চলমান অনুসন্ধানের পরবর্তী অংশ আসছে, জানবেন কোন কোন স্থানীয় নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থীদের ছত্রছায়ায় চলছে এমন হরিলুট)

