প্রতিবেদক: কায়কোবাদ
নীল-গোলাপিতে লাস্যময়ী জয়া
অভিনয় ও সৌন্দর্যের দারুণ সমন্বয়ে অভিনেত্রী জয়া আহসান বরাবরই খানিক ব্যতিক্রম। পর্দার পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও উপস্থাপনাতেও তিনি আলাদা করে নজর কাড়েন। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের আগ্রহ বাড়ান এই অভিনেত্রী। ট্র্যাডিশনাল কিংবা ওয়েস্টার্ন—প্রতিটি লুকেই জয়ার উপস্থিতি অনন্য, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন জয়া আহসান। মুহূর্তেই সেগুলো ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ছবিগুলোতে তাকে দেখা গেছে একেবারেই ভিন্ন
এক লুকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ ও গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি। সঙ্গে পরা ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালের টিকলি জয়ার আভিজাত্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। পুরোনো কোনো বাড়ি বা স্থাপত্যকে পটভূমি করে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। সাধারণত এমন ঐতিহ্যবাহী লুকেই জয়ার ছবি নিয়ে বেশি আলোচনা হয়। ছবি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্যে ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। অনেকের মতে, সময় বদলালেও জয়ার আবেদন ও অভিব্যক্তি একই রয়ে গেছে। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এই ছবিগুলোতে তার বয়সের ছাপ খানিকটা স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে পর্দায় জয়াকে দেখার অপেক্ষাও শেষ হতে চলেছে দর্শকদের। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের পরিচালনায় নির্মিত এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা ও সামাজিক সংগ্রামের জটিল প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

