হবিগঞ্জ নবীগঞ্জ প্রতিনিধি:
নবীগঞ্জে স্কুলছাত্রী নির্যাতনের অভিযোগে এলাকায় চাঞ্চল্য
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে নির্যাতনের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। অভিযোগ রয়েছে, পথিমধ্যে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক নির্জ
ন স্থানে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন চালায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যাওয়া হয়। পরদিন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এ পাঠান। ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর তারা চরম মানসিকভাবে ভেঙে পড়েছেন। শিশুটির শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক অবস্থাও উদ্বেগজনক বলে জানান তারা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসামাজিক কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তারা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। এ বিষয়ে নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সচেতন মহল বলছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এ ধরনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

