সুনামগঞ্জ) প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন, আমানিপুর ব্রিজে শুরু হলো মাটি কাটার কাজ
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন, আমানিপুর ব্রিজে শুরু হলো মাটি কাটার কাজ মরণফাঁদ থেকে মুক্তির দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আমানিপুর ব্রিজের দুই পাশে অবশেষে মাটি কাটার কাজ শুরু হয়েছে। গত ১১ অক্টোবর সংবাদমাধ্যমে মধ্যনগরে মরণফাঁদে পরিণত আমানিপুরের ব্রিজ, ঝুঁকি নিয়ে পারাপার শত শত শিক্ষার্থীর’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই ব্রিজের সংযোগস্থল সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্
দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। জানা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে মধ্যনগর উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের আমানিপুর গ্রামের ব্রিজটির দুই পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ফলে রংচি, আমানিপুর ও খিদিরপুর গ্রামের মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীকে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার হতে হতো। এই দুর্ভোগ, শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ চলাচল এবং ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বিএনপি নেতা মাইনুদ্দিনের নেতৃত্বে স্থানীয় গ্রামবাসীর পক্ষ থেকে ব্রিজটি সংস্কারের দাবি জানানো হয়েছিল। প্রতিবেদনটি মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের নজরে এলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় ব্রিজের দুই পাশে মাটি কাটার কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী কাজে বিএনপি নেতা মাইনুদ্দিনের নেতৃত্বে স্থানীয় গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তিন গ্রামের বহু মানুষ উপস্থিত ছিলেন। কাজের উদ্বোধনকালে মাইনুদ্দিন বলেন, “এই ব্রিজ শুধু একটি স্থাপনা নয়, এটি তিন গ্রামের মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। রংচি, আমানিপুর ও খিদিরপুরের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে হাট-বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করেন। চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এটি পারাপার হয়।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সংবাদ প্রকাশের কারণেই বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রশাসনের নির্দেশনা পেয়ে আমরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে কাজ শুরু করেছি। তবে আমরা শুধু অস্থায়ী মাটি ভরাট নয়, ব্রিজটির দ্রুত স্থায়ী সংস্কার চাই।” স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম বলেন, “বর্ষাকালে এই ব্রিজ দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে অনেক সময় শিশুরা পড়ে গিয়ে আহত হয়। আজ কাজ শুরু হওয়ায় আমরা আনন্দিত। তবে কাজটি যেন মাঝপথে বন্ধ না হয়ে যায়, সেটিই আমাদের প্রত্যাশা।” স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ব্রিজটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে ভয় পেত। অনেক অভিভাবকও সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় থাকতেন। মাটি কাটার কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী হলেও স্থায়ী সংস্কার ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান হবে না বলে মনে করছেন। একটি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক বলেন, “ব্রিজটির কারণে প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হতো। অনেক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে বাঁশের সিঁড়ি বেয়ে পারাপার হতে গিয়ে আহত হয়েছে। সংবাদ প্রকাশের পর প্রশাসন দ্রুত উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞ। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিজটির স্থায়ী সংস্কার জরুরি।” এর আগে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় জানিয়েছিলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। শিক্ষার্থীদের চলাচলে বাধা ও দুর্ঘটনার বিষয়টি বিবেচনায় নিয়ে সরেজমিনে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিজের সঙ্গে যুক্ত তিন গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটিও দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয়দের দাবি, রংচি, আমানিপুর ও খিদিরপুর গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্রিজের পাশাপাশি সড়কটিও দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “ব্রিজের দুই পাশের মাটি কাটার কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয়, যারা দায়িত্ব নিয়ে কাজটি করছেন, তারা যেন যথাযথভাবে কাজ করেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।” সড়ক সংস্কারের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” ব্রিজের দুই পাশে মাটি কাটার কাজ শুরু হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে তিন গ্রামের মানুষের মধ্যে। তবে স্থানীয়দের প্রত্যাশা, সংবাদ প্রকাশের পর শুরু হওয়া এই উদ্যোগ যেন সাময়িক পদক্ষেপে সীমাবদ্ধ না থাকে। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ব্রিজ ও সংযোগ সড়কের স্থায়ী সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

