জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবির অভিযান: ২ লাখ টাকার ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ সময় একটি মিনি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি মিনি ট্রাকে করে রামু থেকে কুতুপালং হয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে রামু ও উখিয়া উপ
জেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। এ ঘটনায় ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮), পিতা- রফিক আলম, বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাচুড়ি এবং তার সহযোগী মো. জাহেদ (২৫), পিতা- সৈয়দ কাশেম, বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পালংখালী এলাকা থেকে আটক হন। বিজিবি জানায়, আটক ব্যক্তিরা প্রথমে সারের বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও কৃষি কর্মকর্তাদের কাছে তা উপস্থাপন করতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সারগুলো কুতুপালং বাজারে মজুদ রেখে পর্যায়ক্রমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল। রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

