ইব্রাহীম হোসেন, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সাতক্ষীরার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য, দেশব্যাপী তথ্য সংগ্রহের পদ্ধতি এবং কার্যক্রম বাস্তবা
য়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপকারভোগী নির্বাচন এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং জীবনমানের উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ ধরনের কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তথ্য সংগ্রহের সময় প্রকৃত ও সঠিক তথ্য প্রদান এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তারা আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব যেন না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। সভায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই আল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এবং হাজী কেয়ামুদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল কালামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

