সিরাজগঞ্জ প্রতিনিধি
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে এমপির সভা, উঠেছে প্রশ্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ভেতরে চেয়ার, টেবিল ও সোফা বসিয়ে সংসদ সদস্য মো. আয়নুল হককে নিয়ে সভা আয়োজনের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মসজিদের ভেতরে সভার আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব
িভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, এটি কোনো রাজনৈতিক বা দলীয় কর্মসূচি ছিল না। মসজিদ ও মাদ্রাসার উন্নয়নকাজ এবং প্রতিষ্ঠান পরিচালনার বকেয়া অর্থ নিয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষের আমন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম বলেন, কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদ পরিচালনার জন্য বড় অঙ্কের অর্থ বকেয়া রয়েছে। ওই বকেয়া পরিশোধে সহযোগিতা চেয়ে সংসদ সদস্যসহ স্থানীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়। তারা সেখানে গিয়ে মসজিদ ও মাদ্রাসার ভেতরে চেয়ার-সোফা বসানো অবস্থায় দেখতে পান। তার দাবি, আয়োজনটি রাজনৈতিক কর্মসূচি না হওয়ায় তারা ব্যবস্থাপনা নিয়ে কোনো আপত্তি করেননি। সভায় মূলত মসজিদ ও মাদ্রাসার উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য মো. আয়নুল হক বর্তমানে জেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রায়গঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। এ বিষয়ে সংসদ সদস্য মো. আয়নুল হকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মসজিদের ভেতরে এ ধরনের আয়োজনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামত দেখা গেলেও সভাটির উদ্দেশ্য ও আয়োজকদের বক্তব্য অনুযায়ী এটি উন্নয়নসংক্রান্ত আলোচনা ছিল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতারা। ফলে মসজিদে সভা আয়োজনের বিষয়টি নিয়েই বর্তমানে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।

